ফরিদপুরের নগরকান্দায় একটি ট্রাকের বেপরোয়া গতির কারণে অন্তত ২০ জন পথচারী আহত হয়েছেন। পরে স্থানীয় জনতা ট্রাকচালককে গণপিটুনি দিলে তিনি নিহত হন। এ ঘটনায় ট্রাকের হেলপারসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটেছে শুক্রবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া নতুন বাজার এলাকায়। নিহত ট্রাকচালকের নাম হান্নান (৪৫), তিনি বোয়ালমারী উপজেলার সাতৈর এলাকার বাসিন্দা ছিলেন। আহত হেলপার মো. নাঈম (২২) ও মো. আল-আমিন (২৫) সালথা উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সালথা উপজেলা থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১২-৭৩৩২) গ্রামের সরু সড়ক দিয়ে বেপরোয়া গতিতে যাচ্ছিল। ট্রাকটির চালকের অসাবধানতার কারণে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রাকটি রসুলপুরসহ আশপাশের এলাকায় একাধিক পথচারীকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, ট্রাকটির ধাক্কায় প্রায় ২০ জন পথচারী আহত হন। পরবর্তীতে ট্রাকটি নগরকান্দা উপজেলার বিলনালিয়া নতুন বাজারে মুন্সী স্টোরে এসে সজোরে ধাক্কা দেয়। এতে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ট্রাকটির গতিরোধ করে। এ সময় উত্তেজিত জনতা ট্রাকচালক, হেলপারসহ তিনজনকে মারধর করে। এতে তারা গুরুতর আহত হন। পাশাপাশি ট্রাকটিতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, নগরকান্দা থানার ওসি রাসুল সামদানি আজাদ এবং তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তিনি বলেন, ‘এর আগেই স্থানীয়রা ট্রাকচালকসহ তিনজনকে মারধর করে গুরুতর আহত করে। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এর মধ্যে ট্রাকচালক হাসপাতালে নেওয়ার পর মারা যান।’
নগরকান্দা থানার ওসি রাসুল সামদানি আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকটি বেপরোয়া গতিতে বিভিন্ন স্থানে দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে আসছিল। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। আহতের প্রকৃত সংখ্যা যাচাই করা হচ্ছে। নিহত চালকের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে।
রিপোর্টারের নাম 



















