পটুয়াখালীর দশমিনা উপজেলায় এক সহকারী শিক্ষককে শারীরিক নির্যাতন ও গণরোষের শিকার হওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেতাগী সানকিপুর ইউনিয়নের ঠাকুরেরহাট বিবি আয়েশা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুস সাত্তারের ওপর এই হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় ঠাকুরেরহাট এলাকায় আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন। এ সময় স্থানীয় বাসিন্দা মো. রিপন মৃধা, মো. মনিরুজ্জামান শাহীন, মো. শহিদুল ইসলাম এবং বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. নুরুজ্জামান মৃধা বক্তব্য রাখেন।
আহত শিক্ষক মাওলানা আব্দুস সাত্তার কান্নাজড়িত কণ্ঠে তার ওপর হওয়া নির্মম নির্যাতনের বর্ণনা দেন এবং সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন। তিনি জানান, বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন এবং শারীরিক নানা সমস্যায় ভুগছেন।
বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কুলসুম বেগমের স্বামী জামাল বেপারী বিদ্যালয়ের অফিস কক্ষে ওই শিক্ষককে শারীরিকভাবে নির্যাতন করেছেন। তারা এমন জঘন্য হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা জানিয়েছেন, ঘটনার তদন্তে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে ফৌজদারি বিষয়টি তদন্তের জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
রিপোর্টারের নাম 






















