ভোলায় বাস ও সিএনজি চলাচলের দীর্ঘদিনের বিরোধ এখন আইন-শৃঙ্খলা পরিস্থিতির বড় ধরনের অবনতির কারণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি। একই সঙ্গে তারা মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে নিরাপদ যানবাহন চলাচচলের দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার ভোলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভোলা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুর রহমান বাচ্চু মোল্লা লিখিত বক্তব্যে বলেন, ইলিশা লঞ্চ ঘাট থেকে দক্ষিণ আইচা পর্যন্ত মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে থ্রি হুইলার সিএনজি চলাচল নিষিদ্ধ থাকলেও তারা আইনের তোয়াক্কা করছে না। জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় বারবার সিদ্ধান্ত হয়েছে যে, তারা তিনজনের বেশি যাত্রী বহন করতে পারবে না, কিন্তু তারা বিআরটিএ’র আইন ও কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে পাঁচজন করে যাত্রী বহন করছে। এর ফলে সড়ক ও মহাসড়কে অহরহ দুর্ঘটনা ঘটছে। বাস মালিক সমিতি মনে করে, থ্রি হুইলার সিএনজি’র বেপরোয়া চলাচলে আইন-শৃঙ্খলা ও বিআরটিএ’র দুর্বলতা রয়েছে।
তিনি আরও জানান, গত ২১/০৫/২৫ ও ১৯/০৭/২০২৬ তারিখে জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির মিটিংয়ে থ্রি হুইলার সিএনজি চলাচলের বিষয়ে তাদের সতর্ক করা হয়েছিল, কিন্তু তারা তা মানছে না। এমন পরিস্থিতিতে বাস ও থ্রি হুইলার সিএনজি চলাচলকে কেন্দ্র করে যেকোনো সময় বড় ধরনের আইন-শৃঙ্খলার অবনতি ঘটতে পারে, যার জন্য বাস মালিক সমিতি দায়ী থাকবে না। ইতিমধ্যে বাস মালিক সমিতির পক্ষ থেকে থ্রি হুইলার সিএনজি চলাচল করতে পারবে না মর্মে ঘোষণার একটি ভিডিও ভাইরাল হয়েছে।
এ সময় বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম খান বলেন, থ্রি হুইলার সিএনজি’র বেপরোয়া গতির কারণে গত দুই বছরে শতাধিক যাত্রী ও পথচারী নিহত হয়েছেন। সংবাদ সম্মেলনে সমিতির সহ-সভাপতি হাসান মাসুদুর রহমান, যুগ্ম সম্পাদক মুনতাসির আলম রবিন চৌধুরী, হুমায়ুন কবির সেলিম, সিনিয়র সদস্য জিহাদ ভূইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তবে, বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ভোলা জেলা সহ-সভাপতি বাহারুল ইসলাম এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের ৪৭টি জেলায় থ্রি হুইলার সিএনজিতে পাঁচজন করেই যাত্রী বহন করা হয়। আমরা জেলা প্রশাসকের কাছে চারজন করে যাত্রী বহনের দাবি জানিয়েছি। তিনি আরও অভিযোগ করেন, বাস মালিক সমিতির রুট পারমিট ছাড়াই অনেক বাস চলাচল করে এবং ভোলার সকল আইন কেবল থ্রি হুইলার সিএনজি’র জন্য, বাসের জন্য নয়।
রিপোর্টারের নাম 
























