চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মোটরসাইকেল কেনাবেচার বকেয়া টাকাকে কেন্দ্র করে সিনিয়র এক শিক্ষার্থীকে কাঁচি দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে এক জুনিয়রের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ ফরহাদ হোসেন হলে এই ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী সাজ্জাদ হোসেন ফাইন্যান্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র। অন্যদিকে অভিযুক্ত আবরার জাহিন লাবিব যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অর্থনীতি বিভাগের এক শিক্ষার্থীর কাছ থেকে লাবিব একটি মোটরসাইকেল কেনেন। সেই বাইকের বকেয়া টাকা নিয়ে আলোচনার সময় সাজ্জাদ হোসেন সেখানে উপস্থিত ছিলেন। কথাকাটাকাটির একপর্যায়ে লাবিব কাপড় কাটার কাঁচি দিয়ে সাজ্জাদের ওপর আক্রমণ করেন। এতে সাজ্জাদের হাত কেটে যায় এবং তিনি বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে প্রাথমিক চিকিৎসা নেন। অভিযুক্ত লাবিবের বিরুদ্ধে এর আগেও মাদক সেবন ও সহপাঠীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টরিয়াল বডি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আলোচনায় অভিযুক্ত লাবিব নিজের কাছে কাঁচি রাখার বিষয়টি স্বীকার করে দাবি করেন, তিনি আত্মরক্ষার জন্য এটি ব্যবহার করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী জানিয়েছেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং আগামী রোববার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
রিপোর্টারের নাম 

























