ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রভাবে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেছে। এতে গালফ অঞ্চলের দেশগুলোতে পণ্য পরিবহনে বড় ধরনের বিঘ্ন ঘটায় আমদানিকারক ও জাহাজ মালিকেরা এখন বিকল্প হিসেবে স্থলপথ ব্যবহার করছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই মাস ধরে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ থাকায় বাহরাইন, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের শারজাহর মতো গন্তব্যগুলোতে সরাসরি পণ্য পৌঁছানো সম্ভব হচ্ছে না। এ অবস্থায় লোহিত সাগরের সৌদি আরবের জেদ্দা বন্দর এখন এই অঞ্চলের প্রধান বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছে। বিশ্বের নামী শিপিং কোম্পানিগুলো সুয়েজ খাল হয়ে জেদ্দা বন্দরে পণ্য খালাস করছে এবং সেখান থেকে মরুভূমির হাইওয়ে দিয়ে ট্রাকের মাধ্যমে গন্তব্যে পৌঁছানো হচ্ছে।
তবে অতিরিক্ত চাপের কারণে জেদ্দা বন্দরে তীব্র জট তৈরি হয়েছে। লজিস্টিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই বিশাল পরিমাণ পণ্য সামলানোর সক্ষমতা জেদ্দা বন্দরের নেই, ফলে সেখানে পণ্য খালাসে দীর্ঘ সময় লাগছে। পরিস্থিতি মোকাবিলায় জাহাজ কোম্পানিগুলো এখন ওমানের সোহার এবং সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর ব্যবহারের পরিকল্পনা করছে। এছাড়া ইরাক ও জর্ডানকে কেন্দ্র করেও নতুন বাণিজ্যিক রুট তৈরির চেষ্টা চলছে বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 























