আর্থিক সংকটে শিক্ষাজীবন যখন অনিশ্চয়তার মুখে, তখন রাজধানীর ধানমন্ডির নিউ মডেল ডিগ্রি কলেজের এক মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন ছাত্রদল নেতা মো. তরিকুল ইসলাম তারিক। ব্যক্তিগত উদ্যোগে ওই শিক্ষার্থীর বকেয়া বেতন ও ফরম পূরণের দায়িত্ব নিয়ে তিনি মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তরিকুল ইসলাম তারিক জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের ওই শিক্ষার্থীর ফাইনাল পরীক্ষার ফরম পূরণের শেষ সময় ছিল বৃহস্পতিবার। কিন্তু পাহাড়সম বকেয়া বেতন ও প্রয়োজনীয় অর্থের অভাবে তার পরীক্ষায় অংশগ্রহণ প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। বিষয়টি জানতে পেরে বুধবার বিকেলে ছাত্রদল নেতা তারিক সরাসরি ওই শিক্ষার্থীর সঙ্গে দেখা করেন এবং তার হাতে প্রয়োজনীয় আর্থিক সহায়তা তুলে দেন। এর ফলে দীর্ঘ পরিশ্রমের পর ওই শিক্ষার্থীর এক বছর নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পেল।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত ওই শিক্ষার্থী জানান, চরম দুঃসময়ে তারিক ভাইয়ের এই সহযোগিতা তাকে নতুন করে স্বপ্ন দেখার সাহস জুগিয়েছে। অন্যদিকে, তরিকুল ইসলাম তারিক বলেন, রাজনীতির মূল লক্ষ্যই হওয়া উচিত মানুষের সেবা। একজন মেধাবী ছাত্রের পড়াশোনা কেবল টাকার অভাবে বন্ধ হতে পারে না। মানবিক দায়বদ্ধতা থেকেই আমি এই শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছি।
রিপোর্টারের নাম 














