দেশের জ্বালানি চাহিদা মেটাতে ২৬ হাজার ৫০০ মেট্রিক টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘কুই চি’। বুধবার গভীর রাতে জাহাজটি বন্দরে পৌঁছায়। এর আগে চলতি মাসেই আরও দুটি বড় চালানে বিপুল পরিমাণ জ্বালানি তেল খালাস করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বর্তমানে বন্দরের জলসীমায় মোট ১৪টি জ্বালানিবাহী জাহাজ অবস্থান করছে। এর মধ্যে পাঁচটি জাহাজ শুধু ডিজেল ও অকটেন নিয়ে এসেছে। দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) সাথে সমন্বয় করে অগ্রাধিকার ভিত্তিতে এসব জাহাজ থেকে তেল খালাসের প্রক্রিয়া চলছে।
বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, বন্দরের ডলফিন জেটিতে একসাথে তিনটি জাহাজ তেল খালাস করতে পারে। তবে বড় জাহাজগুলোর ক্ষেত্রে বহির্নোঙরে ছোট জাহাজে করে তেল স্থানান্তর করা হয়। গত কয়েকদিন সাগর কিছুটা উত্তাল থাকায় খালাস কার্যক্রমে সামান্য বিঘ্ন ঘটলেও পরিস্থিতি এখন স্বাভাবিকের দিকে রয়েছে।
রিপোর্টারের নাম 






















