পাবনার চাটমোহরে সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত এক কলেজ শিক্ষক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত হুমায়ুন কবির মুক্তা (৪৭) ভাঙ্গুড়া সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন। এ ঘটনায় তার স্ত্রী উর্মিও গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে হুমায়ুন কবির তার স্ত্রীকে নিয়ে সিএনজিযোগে রাজশাহীতে কিডনি ডায়ালাইসিসের জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে চাটমোহর উপজেলার উথলী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে তাদের বহনকারী অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিক্ষক দম্পতি গুরুতর আহত হলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
আহতদের প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে হুমায়ুন কবির শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চাটমোহর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, সড়ক দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























