জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অষ্টম ইনডোর গেমস ক্যারাম টুর্নামেন্টের ফাইনাল খেলাকে কেন্দ্র করে জকসু ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈমকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে সাদিয়া সুলতানা নেলী নামে এক নারী খেলোয়াড়ের বিরুদ্ধে। অভিযুক্ত নেলী বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদ নির্বাচনে ছাত্রদল প্যানেল থেকে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বুধবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ক্যারাম ফাইনাল চলাকালে খেলার নিয়ম ভঙ্গ করা নিয়ে নেলীর সঙ্গে ক্রীড়া সম্পাদকের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে নেলী সবার সামনে নাঈমকে থাপ্পড় মারেন। ক্রীড়া সম্পাদক নাঈম জানান, নিয়ম অনুযায়ী একই বিভাগের খেলোয়াড়দের নিয়ে দল গঠনের কথা থাকলেও একটি দলে ভিন্ন বিভাগের খেলোয়াড় থাকায় তিনি আপত্তি জানিয়েছিলেন। পরিস্থিতি সামাল দিতে তিনি দুই দলকেই যৌথ চ্যাম্পিয়ন করার প্রস্তাব দিলেও নেলী তা প্রত্যাখ্যান করে নিজেকে একক চ্যাম্পিয়ন ঘোষণার জন্য চাপ দিতে থাকেন।
নাঈম আরও অভিযোগ করেন, বিষয়টি ক্রীড়া উপকমিটির ওপর ছেড়ে দেওয়ার কথা বললে নেলী তাকে হুমকি দেন এবং পরবর্তীতে অডিটোরিয়াম থেকে বের হওয়ার সময় শিক্ষকদের সামনেই তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও গালিগালাজ করেন। এই ঘটনায় নাঈম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও উপাচার্যকে অবহিত করেছেন এবং যথাযথ বিচার চেয়ে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
অন্যদিকে, ঘটনার পর সাদিয়া সুলতানা নেলী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে থাপ্পড় মারার বিষয়টি স্বীকার করেছেন। তার দাবি, ক্রীড়া সম্পাদক খেলায় স্বজনপ্রীতি করায় তিনি এমন পদক্ষেপ নিয়েছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 

























