বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম সেমিস্টারের পরীক্ষায় দেশসেরা ফলাফল করেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আব্দুল হাই ভূঁইয়া পলিটেকনিক ইনস্টিটিউট। সারা দেশে মোট ২৫ জন শিক্ষার্থী ‘এ-প্লাস’ পাওয়ার গৌরব অর্জন করেছেন, যার মধ্যে ৯ জনই এই একটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী। সদ্য ঘোষিত এই ফলাফল কারিগরি শিক্ষাঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে।
সাফল্য অর্জনকারী কৃতি শিক্ষার্থীরা হলেন ফারজানা আক্তার, সুমাইয়া আক্তার, হাফসা আক্তার, মারিয়া, মিম আক্তার, সাদিয়া আক্তার, সাকিব বিন রফিক, মো. আহনাফুল ইসলাম এবং কুলসুম আক্তার। ২০২৩ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি পাঠদানের অনুমোদন পাওয়ার প্রথম বছরেই এমন ঈর্ষণীয় সাফল্য অর্জন করলো।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. খাদেমুল ইসলাম চৌধুরী জানান, শিক্ষকদের কঠোর পরিশ্রম এবং শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়ের ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। পরিচালক হাফেজ মাওলানা সানাউল্লাহ বলেন, তাদের মূল লক্ষ্য হলো আধুনিক ল্যাব ও মানসম্মত শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের দক্ষ প্রকৌশলী হিসেবে গড়ে তোলা। প্রতিষ্ঠানটিতে বর্তমানে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে বিশেষ প্রশিক্ষণেরও সুযোগ রয়েছে।
রিপোর্টারের নাম 

























