নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা থেকে গত জুলাইয়ে গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত হওয়া একটি বিদেশি পিস্তল ও শর্টগানের কার্তুজ উদ্ধার করেছে র্যাব-১১। মঙ্গলবার দিবাগত গভীর রাতে সিদ্ধিরগঞ্জের ওয়াবদা কলোনি এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে এগুলো উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে ওয়াবদা কলোনির পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশপথের পাশের ঝোপের মধ্যে সন্দেহজনক কিছু বস্তু পড়ে আছে। এরপর র্যাবের একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে কসটেপে মোড়ানো অবস্থায় একটি ৭.৬২ মিমি অটোমেটিক চায়না পিস্তল এবং ১২ বোর শর্টগানের এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে।
উদ্ধারকৃত এই আগ্নেয়াস্ত্র ও গুলি গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট করা হয়েছিল বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জব্দ করা আলামতগুলো পরবর্তী আইনি কার্যক্রমের জন্য পুনরায় সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























