পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রধান ফটকের কাছেই গড়ে উঠেছে এক ব্যতিক্রমী খাবারের দোকান ‘দ্য মুঘল টেবিল’। লোকপ্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সম্রাট আকবর তার অদম্য ইচ্ছা ও পরিশ্রমে গড়ে তুলেছেন এই প্রতিষ্ঠান। দুটি টেবিল আর সামান্য কিছু আসবাব নিয়ে শুরু করা এই দোকানে এখন শিক্ষার্থীদের ভিড় লেগেই থাকে। বিশেষ করে স্বাদে ও চমৎকার ব্যবহারে এটি ক্যাম্পাসে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
উদ্যোক্তা হওয়ার স্বপ্ন সম্রাটের মনে আগে থেকেই ছিল। ২০২৪ সালের বিজয় দিবসে অন্য একটি বিশ্ববিদ্যালয় ভ্রমণে গিয়ে তিনি এমন একটি উদ্যোগের অনুপ্রেরণা পান। এরপর ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ফুল বিক্রির মাধ্যমে শুরু হয় তার পথচলা। পরবর্তীতে বন্ধু সাইমা জাহান বৃষ্টির সঙ্গে ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনার পর শুরু করেন দোসা ও ডাল-মাংস ভুনার ব্যবসা। মাত্র ৭৬৫ টাকা ধার নিয়ে শুরু করা সেই ছোট দোকানে প্রথম দিনেই অভাবনীয় সাড়া পান তিনি। বর্তমানে তার সাথে আরও কয়েকজন বন্ধু যুক্ত হয়েছেন।
পরিবারের পক্ষ থেকে সরকারি চাকরির চাপ থাকলেও সম্রাট চেয়েছিলেন নিজের পায়ে দাঁড়াতে। হালাল উপায়ে স্বাধীনভাবে উপার্জনের মাধ্যমে তিনি আজ অন্য শিক্ষার্থীদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার এই সফলতার গল্প প্রমাণ করে যে, বড় কোনো ব্যবসা শুরু করতে বিশাল পুঁজির চেয়ে বড় লক্ষ্য ও কঠোর পরিশ্রমই বেশি জরুরি। আগামী এক বছরের মধ্যে তিনি তার এই উদ্যোগকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন।
রিপোর্টারের নাম 

























