জাতির কাছে দেওয়া সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নে বর্তমান সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার দুপুরে সংসদ ভবনে তার কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি নির্বাচনী পর্যবেক্ষক প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।
বৈঠকে ইইউ প্রতিনিধিদল জুলাই সনদের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম সরকারের ধীরগতি ও কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সরকার তা পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। বিশেষ করে প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কারের ক্ষেত্রে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।
আলোচনা শেষে ইইউ প্রতিনিধিদল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ প্রতিবেদনটি বিরোধীদলীয় চিফ হুইপের কাছে হস্তান্তর করে। এসময় নাহিদ ইসলাম তাদের আশ্বস্ত করেন যে, জনগণের কাঙ্ক্ষিত সংস্কার নিশ্চিত করতে এনসিপি সংসদের ভেতরে এবং বাইরে তাদের রাজনৈতিক সংগ্রাম অব্যাহত রাখবে।
ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভারস আইজবসের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন উপ-প্রধান বাইবা জারিনা, উপ-প্রধান পর্যবেক্ষক ইন্টা লেইস, লিগ্যাল এনালিস্ট ইরিনি মারিয়া গুওনারি এবং রায়ান ইসলাম। বিরোধীদলীয় চিফ হুইপের সঙ্গে এনসিপির পক্ষে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সদস্যসচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এবং যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন মোহাম্মদ।
রিপোর্টারের নাম 

























