কক্সবাজারের কুতুবদিয়ায় ভারী বর্ষণের ফলে প্রায় ৪ হাজার একর লবণ মাঠ পানিতে তলিয়ে গেছে। মঙ্গলবার দুপুরে মাত্র এক ঘণ্টার বৃষ্টিতে চাষিদের প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় বিসিকের জরিপ অনুযায়ী, উপজেলার ৬টি ইউনিয়নে সাড়ে ৪ হাজার একর জমিতে লবণ চাষ হচ্ছে। লেমশীখালী লবণ মাঠের চাষি সাবেক মেম্বার নুর মোহাম্মদ জানান, এই বর্ষণে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে। খরচ তুলে লাভ করার স্বপ্নও ফিকে হয়ে গেছে। মাঠ তলিয়ে যাওয়ায় লোকসান গুণতে হবে। বর্তমানে লবণের বাজার দর মণ প্রতি ১৭০ টাকা। দাম না বাড়লে জমাকৃত লবণ বিক্রি করেও লোকসান হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
লবণ ব্যবসায়ী আব্দু রহিম জানান, অধিকাংশ চাষি ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়েছেন। বৃষ্টির পানিতে মাঠ তলিয়ে যাওয়ায় লবণ চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে তারা দাদন নেওয়া অর্থ পরিশোধ করতে পারবেন কিনা, তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।
রিপোর্টারের নাম 

























