লক্ষ্মীপুরের কমলনগরে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে রাতের আঁধারে যুবলীগ নেতাকর্মীদের শপথ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মেঘনা নদীর তীরবর্তী দুর্গম একটি নির্জন স্থানে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই কর্মসূচির আয়োজন করা হয় বলে জানা গেছে।
ভাইরাল হওয়া দুই মিনিট ৪১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম রিয়াদের নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শপথ নিচ্ছেন। ভিডিওতে রিয়াদকে বলতে শোনা যায়, তারা তাদের নেত্রীকে ফিরিয়ে আনতে যেকোনো ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর যেখানে আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে, সেখানে এমন গোপন তৎপরতা স্থানীয় জনমনে কৌতূহল ও উদ্বেগ সৃষ্টি করেছে।
এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে স্থানীয় যুবদল নেতারা বলছেন, গত ১৫ বছর ধরে সাধারণ মানুষের ওপর জুলুম চালানো এই গোষ্ঠীটি আবারও এলাকাকে অশান্ত করার ষড়যন্ত্র করছে। চরের নির্জন স্থানে এ ধরনের তৎপরতাকে তারা কোনো স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি হিসেবে দেখছেন না। এদিকে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম জানিয়েছেন, ভিডিওটির বিষয়টি তাদের নজরে এসেছে এবং তা তদন্ত করা হচ্ছে। আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 






















