স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)–এর রাষ্ট্রদূত মাইকেল মিলার সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রীর অফিসকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে দুই পক্ষের মধ্যে সহযোগিতা জোরদারের নানা দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ ও ইইউর পারস্পরিক অংশীদারিত্ব আরও বিস্তৃত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে দেশের পানি ব্যবস্থাপনা খাতে ইইউর অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, এ খাতে যৌথ অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি চালু হলে তা বাংলাদেশের জন্য অত্যন্ত উপকারী হবে। অন্যদিকে রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশকে ইইউর একটি নির্ভরযোগ্য ও পরীক্ষিত উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, বর্তমান সময়ে দুই পক্ষের বিদ্যমান সহযোগিতাকে আরও গভীর ও সম্প্রসারিত করার ব্যাপারে ইইউ আগ্রহী।
বৈঠকে শাসনব্যবস্থার বিকেন্দ্রীকরণ, ই-গভর্নেন্স উন্নয়ন, অবকাঠামো খাতের অগ্রগতি এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করেন যে, যৌথ উদ্যোগ ও অংশীদারিত্বের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ ও ইইউর উন্নয়ন সহযোগিতা আরও গতিশীল হবে। এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. শওকত রশীদ চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অধীনস্ত দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























