বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত সান্তাহার রেলগেট এলাকায় এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা প্রিপেইড মিটারকে গ্রাহক হয়রানির হাতিয়ার হিসেবে আখ্যা দিয়ে অবিলম্বে এই প্রকল্প বন্ধের দাবি জানান।
মানববন্ধনে অংশ নেওয়া গ্রাহকরা অভিযোগ করেন, গত কয়েকদিন ধরে নেসকো কোম্পানির কর্মীরা সান্তাহার ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের অসম্মতিতে এবং ভয়ভীতি প্রদর্শন করে ডিজিটাল মিটার সরিয়ে জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন করছে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত প্রিপেইড মিটার সংযোগ বন্ধ করা না হয়, তবে সাধারণ গ্রাহকদের সাথে নিয়ে নেসকো অফিস ঘেরাওসহ কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
কর্মসূচিতে বক্তব্য রাখেন ব্যবসায়ী ইকবাল হোসেন, সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম, শ্রমিক নেতা শাহাজাহান আলী স্বপনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। তারা বলেন, জনগণের নাগরিক সুবিধা নিশ্চিত না করে এ ধরনের বিতর্কিত মিটার চাপিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
রিপোর্টারের নাম 

























