প্রকৃতিতে এখন গ্রীষ্মকাল চলছে, যখন কড়া রোদ আর তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ। এই সময়ে শরীর ও মনে প্রশান্তি আনতে এক গ্লাস ঠান্ডা শরবত, ঠান্ডা চা কিংবা ঘরে তৈরি আইসক্রিমের জুড়ি মেলা ভার। তৃষ্ণার্ত অতিথি বা পরিবারের সদস্যদের জন্য ঝটপট মজাদার ঠান্ডা পানীয় তৈরি করতে পারেন। এখানে কয়েকটি সহজ রেসিপি দেওয়া হলো:
পুদিনা-কাঁচা আমের শরবত: এর জন্য প্রয়োজন ৩টি কাঁচা আম, ১ কাপ পুদিনা পাতা, ৪ টেবিল চামচ চিনি, আধা চা চামচ বিট লবণ, ১ কাপ বরফ কুচি, ৩টি কাঁচামরিচ এবং পরিমাণমতো পানি। প্রথমে কাঁচা আমের খোসা ছাড়িয়ে টুকরো করে নিন। এরপর বরফ কুচি বাদে সব উপকরণ ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। বরফ কুচি দিয়ে মাটির গ্লাসে সাজিয়ে পরিবেশন করুন এই সতেজ শরবত।
অন্যভাবে কাঁচা আমের শরবত: এই রেসিপিতে লাগবে তিন কাপ কাঁচা আম, ৪ টেবিল চামচ চিনি, এক টেবিল চামচ পুদিনা পাতাকুচি, ২টি কাঁচা মরিচ, ২ টেবিল চামচ লেবুর রস, এক চা-চামচ লবণ, আধা চা-চামচ বিটলবণ, সামান্য জিরাগুঁড়া এবং সামান্য গোলমরিচের গুঁড়া। সব উপকরণ একটি ব্লেন্ডারে নিয়ে এক গ্লাস পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করা হয়ে গেলে আরও তিন গ্লাস পানি মিশিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন সুস্বাদু কাঁচা আমের শরবত।
তরমুজের লেমনেড: ৫ কাপ টুকরা করা তরমুজ, ৩ টেবিল চামচ সাদা চিনি, ১ কাপ পানি, ৪ কাপ ঠান্ডা পানি, আধা কাপ লেবুর রস এবং ৫ কাপ বরফের টুকরা নিন। প্রথমে একটি ব্লেন্ডারে তরমুজের টুকরাগুলো মসৃণ করে পিউরি তৈরি করুন। একটি চালনি দিয়ে এই মিশ্রণ ছেঁকে নিন। এরপর চিনি এবং এক কাপ পানি একটি সসপ্যানে মাঝারি তাপে ফুটিয়ে নিন, যাতে চিনি ভালোভাবে গলে যায়। মিনিট পাঁচেক ফুটিয়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন। ঠান্ডা পানি, লেবুর রস এবং চিনির সিরা একসঙ্গে মিশিয়ে তৈরি করুন লেমনেড। ১২টি গ্লাসে বরফের টুকরা ভাগ করে দিন। প্রতিটি গ্লাসে ২ থেকে ৩ টেবিল চামচ তরমুজের পিউরি দিয়ে তারপর লেমনেড ঢেলে দিন। আলতো করে নেড়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
আনারসের শরবত: একটি মাঝারি আকারের পাকা আনারস, ৩ কাপ ঠান্ডা পানি (আনারসের ঘনত্বের ওপর নির্ভর করে), ৪ টেবিল চামচ চিনি (আনারসের মিষ্টি অনুযায়ী), আধা চা চামচ বিট লবণ এবং পরিবেশনের জন্য ১ কাপ বরফ কুচি নিন। প্রথমে আনারসের খোসা ছাড়িয়ে চোখের মতো অংশগুলো ভালোভাবে ফেলে দিন। এরপর ছোট ছোট টুকরো করে কেটে নিন। আনারসের মাঝখানের শক্ত অংশটি বাদ দিতে পারেন অথবা ব্যবহার করতে পারেন। এবার একটি ব্লেন্ডারে আনারসের টুকরোগুলো নিন এবং অন্যান্য উপকরণ যোগ করে ব্লেন্ড করে সুস্বাদু শরবত তৈরি করুন।
রিপোর্টারের নাম 

























