ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের বার্ষিক গালা অনুষ্ঠানে নিরাপত্তা চৌকির বাইরে গুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার রাতে এক বন্দুকধারী বলরুমের বাইরে গুলি চালালে দ্রুত তাকে আটক করে নিরাপত্তা বাহিনী। এই ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে এবং বিশ্বজুড়ে বিভিন্ন দেশ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও উদ্বেগের বার্তা এসেছে।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান টার্নার মার্কিন সিক্রেট সার্ভিসের দ্রুত ও পেশাদার প্রতিক্রিয়ার প্রশংসা করেছেন। তিনি নিশ্চিত করেছেন যে ব্রিটিশ দূতাবাসের কয়েকজন কর্মকর্তা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তারা নিরাপদ আছেন। একইভাবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ মার্কিন সিক্রেট সার্ভিস এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার প্রশংসা করে বলেছেন, প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি এবং ডিনারের সব অংশগ্রহণকারী নিরাপদে থাকায় তিনি আনন্দিত।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবামও সবাই নিরাপদে থাকায় স্বস্তি প্রকাশ করেছেন। কার্নি তার বার্তায় গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই বলে উল্লেখ করেন। ইসরাইল মার্কিন নেতাদের প্রতি সংহতি প্রকাশ করে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই গুলিবর্ষণের ঘটনায় গভীরভাবে মর্মাহত বলে জানিয়েছেন। তিনি ট্রাম্পের প্রতি সমবেদনা ও প্রার্থনা জানিয়ে তার নিরাপত্তা ও সুস্থতা কামনা করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি এবং ভাইস প্রেসিডেন্ট নিরাপদে থাকায় স্বস্তি প্রকাশ করে বলেছেন, গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই এবং এর দ্ব্যর্থহীন নিন্দা করা আবশ্যক।
ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্পের ওপর হামলাচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, যারা শান্তির মূল্যবোধ সমুন্নত রাখেন, তাদের জন্য সহিংসতা কখনোই কোনো বিকল্প হতে পারে না। এই ঘটনা বিশ্বজুড়ে রাজনৈতিক সহিংসতা এবং নিরাপত্তার বিষয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
রিপোর্টারের নাম 























