ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর সদর দপ্তর খাতাম আল-আম্বিয়ার কমান্ডার আলি আবদুল্লাহ জানিয়েছেন, জানাজা চলাকালীন কোনো ধরনের উস্কানি বা হামলা চালানো হলে তার ‘চরম প্রতিশোধ’ নেওয়া হবে।
ইরানি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শত্রুপক্ষের যেকোনো ভুল পদক্ষেপের দাঁতভাঙা জবাব দিতে সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক অভিযানের সময় নিহত হন খামেনি। দীর্ঘ চার মাস লাশ সংরক্ষণের পর রাজধানী তেহরানসহ পাঁচটি শহরে বিশাল পরিসরে জানাজার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে।
আগামী ৯ জুলাই খামেনির জন্মস্থান মাশহাদে তাকে দাফন করার কথা রয়েছে। এই দীর্ঘ পাঁচ দিনের আয়োজনে প্রায় দেড় কোটিরও বেশি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তাজনিত কারণে খামেনির উত্তরসূরি হিসেবে মনোনীত তার ছেলে মোজতবা খামেনি এই জানাজায় সরাসরি অংশ নেবেন না বলে জানানো হয়েছে।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, খামেনির এই বিশাল শেষকৃত্য অনুষ্ঠানের মাধ্যমে ইরান আন্তর্জাতিক মহলে নিজেদের শক্তিমত্তা এবং যুক্তরাষ্ট্রবিরোধী অবস্থান জোরালোভাবে তুলে ধরতে চাইছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের উৎসবের সমান্তরালে এই আয়োজন বিশ্ব গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণের একটি কৌশল হিসেবেও দেখা হচ্ছে।
রিপোর্টারের নাম 























