পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকোসহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একযোগে ভয়াবহ সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শনিবার সকালে দেশটির সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, বেশ কয়েকটি সেনা ব্যারাকে সন্ত্রাসীরা অতর্কিত আক্রমণ চালায়। বর্তমানে হামলাকারীদের দমনে সেনাবাহিনী জোরালো অভিযান অব্যাহত রেখেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর নিকটবর্তী কাটি এলাকার প্রধান সামরিক ঘাঁটির কাছে শক্তিশালী বিস্ফোরণ ও ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়। উল্লেখ্য, এই ঘাঁটিটি দেশটির বর্তমান সামরিক শাসক জেনারেল আসিমি গোইতার আবাসস্থল হিসেবে পরিচিত। একই সময়ে মালির মধ্যাঞ্চলীয় শহর সেভারে এবং উত্তরাঞ্চলীয় কিদাল ও গাও শহরেও সংঘর্ষ ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। এছাড়া বামাকোর মোদিবো কেইতা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ভারী অস্ত্রের গর্জন শোনা গেছে, যা জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।
বিগত এক দশকেরও বেশি সময় ধরে খনিজ সম্পদে সমৃদ্ধ মালি চরম রাজনৈতিক ও সামরিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। ২০২০ ও ২০২১ সালে দুটি সামরিক অভ্যুত্থানের পর দেশটি ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক ও সামরিক সম্পর্ক ছিন্ন করে। বর্তমানে রাশিয়ার ‘আফ্রিকা কর্পস’ মালির সেনাবাহিনীকে বিভিন্নভাবে সহায়তা প্রদান করছে। এছাড়া প্রতিবেশী বুরকিনা ফাসো ও নাইজারের সঙ্গে মিলে ‘অ্যালায়েন্স অব সাহেল স্টেটস’ গঠন করে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে দেশটি।
রিপোর্টারের নাম 
























