জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের ইতিহাসে কোনো সরকার মাত্র দুই মাসের মধ্যে এতটা অজনপ্রিয় হওয়ার নজির নেই। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সারা দেশ থেকে আসা কয়েক হাজার প্রতিনিধি যোগ দেন।
বক্তব্যে নাহিদ ইসলাম অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকেই বিএনপি সংস্কার প্রক্রিয়ায় নানাভাবে বাধা দিয়ে আসছে। তিনি বলেন, সংস্কারের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিএনপি দ্বিমত পোষণ করছে। এমনকি যে বিএনপির জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে, সেই দলই এখন গণভোটের ধারণাকে অস্বীকার করছে। এর মাধ্যমে বিএনপি মূলত নিজেদের রাজনৈতিক অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলছে বলে তিনি মন্তব্য করেন।
বিএনপিকে সতর্ক করে তিনি আরও বলেন, দেশের প্রতিষ্ঠানগুলোকে নতুন করে দলীয়করণের চেষ্টা চলছে। বিএনপি যদি আওয়ামী লীগের মতো স্বৈরাচারী পথ বেছে নেয়, তবে দেশের তরুণ সমাজ ও ছাত্র-জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অর্থনৈতিক সংকট মোকাবেলায় সরকারকে আরও কঠোর ও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 

























