নেত্রকোণার পূর্বধলা উপজেলায় মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে এসেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। শনিবার সকালে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনিম জাহানের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে তাসনিম জাহান মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের গুরুত্ব তুলে ধরে বলেন, বাস্তব অভিজ্ঞতা অর্জনে এ ধরনের কার্যক্রম অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জানা গেছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এগ্রিকালচার ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তৃতীয় বর্ষের ১০৩ জন শিক্ষার্থী তাদের বিভাগের তিনজন শিক্ষক ও চারজন কর্মকর্তা-কর্মচারীসহ এই শিক্ষা সফরে অংশ নিয়েছেন।
সংশ্লিষ্ট শিক্ষকেরা জানান, মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সমন্বয় করতে সহায়তা করে এবং ভবিষ্যতে দক্ষ পেশাজীবী হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষা সফরের অংশ হিসেবে শিক্ষার্থীরা স্থানীয় কৃষক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করছেন। সংগৃহীত তথ্য পরবর্তীতে গবেষণা ও একাডেমিক কার্যক্রমে ব্যবহার করা হবে।
রিপোর্টারের নাম 

























