ইরানবিরোধী সামরিক অভিযানে সহযোগিতা না করার কারণে স্পেনকে ন্যাটো থেকে বাদ দেওয়ার মার্কিন হুমকির মুখে পাল্টা জবাব দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি জোর দিয়ে বলেছেন যে, স্পেন ন্যাটোর একটি নির্ভরযোগ্য সদস্য এবং তারা তাদের সকল দায়িত্ব যথাযথভাবে পালন করছে।
সম্প্রতি পেন্টাগনের একটি অভ্যন্তরীণ ই-মেইল ফাঁস হয়েছে, যেখানে ইরানবিরোধী অভিযানে সহযোগিতা না করা ন্যাটো মিত্রদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এর মধ্যে স্পেনকে জোট থেকে স্থগিত করার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। এই গুঞ্জন নিয়ে স্পেনের প্রধানমন্ত্রী মোটেও উদ্বিগ্ন নন বলে জানিয়েছেন।
সাইপ্রাসের রাজধানী নিকোসিয়ায় অনুষ্ঠিত এক ইউরোপীয় ইউনিয়ন শীর্ষ সম্মেলনে পেদ্রো সানচেজ বলেন, স্পেন ন্যাটোর একটি বিশ্বস্ত সদস্য। তারা কোনো ই-মেইলের ভিত্তিতে নয়, বরং আনুষ্ঠানিক নথি ও যুক্তরাষ্ট্র সরকারের ঘোষিত অবস্থানের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়। স্পেনের অবস্থান হলো ন্যাটোর সঙ্গে পূর্ণ সহযোগিতা, তবে তা অবশ্যই আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে থেকেই হবে।
উল্লেখ্য, ন্যাটো চুক্তিতে কোনো সদস্য দেশকে স্থগিত বা বহিষ্কারের সুস্পষ্ট বিধান নেই। তবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কিছু মিত্র দেশের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন, কারণ স্পেন, ফ্রান্স ও ইতালি যুক্তরাষ্ট্রের সামরিক বিমানকে তাদের ঘাঁটি বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি বলে জানা গেছে। এই পরিস্থিতিতে ট্রাম্প ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ বলেও আখ্যা দিয়েছেন, যা জোটের অভ্যন্তরে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে।
রিপোর্টারের নাম 
























