ইরানের সঙ্গে চলমান উত্তেজনার অবসান এবং যুদ্ধ পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে দ্বিতীয় দফা আলোচনায় অংশ নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার শনিবার পাকিস্তানের উদ্দেশে যাত্রা করবেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট শুক্রবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে ইরান এই সরাসরি আলোচনায় সম্মত হয়েছে এবং তারা আশা করছেন, আলোচনা ফলপ্রসূ হবে ও একটি চুক্তির দিকে অগ্রসর হবে।
এর আগে গত ১১ ও ১২ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রায় ২১ ঘণ্টাব্যাপী এক দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছিল, যা শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। সে সময় মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন জেডি ভ্যান্স, তবে এবার তিনি সফরে যাচ্ছেন না। লেভিট আরও জানান, ভ্যান্স বর্তমানে না গেলেও প্রয়োজনে যেকোনো সময় আলোচনায় যোগ দিতে প্রস্তুত আছেন এবং সংশ্লিষ্ট সবাই দ্রুত পাকিস্তানে যেতে প্রস্তুত রয়েছে। উইটকফ ও কুশনার আগেও ইরানের সঙ্গে আলোচনায় যুক্ত ছিলেন, যদিও পরে হামলা-সংক্রান্ত উত্তেজনার কারণে সম্পর্ক জটিল হয় এবং তেহরান তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলে। সূত্র অনুযায়ী, পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, যা পরে ২২ এপ্রিলের পর অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়।
রিপোর্টারের নাম 





















