বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দ্রুত বেকার যুবশক্তির কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারলে দেশে সামাজিক অস্থিরতা ও নৈরাজ্য ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী যুবসংহতির প্রতিনিধি সভায় তিনি এ মন্তব্য করেন।
সাইফুল হক বলেন, লাখ লাখ বেকার যুবকের কর্মসংস্থান না হলে সামাজিক অস্থিরতা ও নৈরাজ্য বন্ধ করা সম্ভব নয় এবং সরকারের ভালো উদ্যোগগুলোও ব্যর্থ হতে পারে। তিনি দেশের বিশাল বেকার যুবশক্তিকে উৎপাদনশীল খাতে কাজে লাগানোর জন্য দ্রুত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বান জানান। একইসাথে, আগামী জাতীয় বাজেটে এ লক্ষ্যে প্রয়োজনীয় বরাদ্দ রাখার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।
তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান তারুণ্যের অগ্রযাত্রার যে বিশাল সম্ভাবনা তৈরি করেছিল, তা নষ্ট করে দেওয়া হয়েছে। লাখ লাখ যুবকের স্বপ্নভঙ্গ হয়েছে এবং তাদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে। এই হতাশা কাটিয়ে উঠতে নতুন সরকারকে তরুণ যুবাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে। রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের পিছু হটার কোনো সুযোগ নেই বলেও তিনি মনে করেন। বিরোধী দলে থাকাকালীন বিএনপি বিচার বিভাগসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানের যে ধরনের গণতান্ত্রিক সংস্কার দেখতে চেয়েছিল, এখন সে ধরনের সংস্কার বাস্তবায়নে উদ্যোগ নেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।
এছাড়াও, সাইফুল হক জাতীয় নির্বাচনের মাত্র তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির তীব্র সমালোচনা করেন এবং দেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তার পরিপন্থী এই চুক্তি বাতিলের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
রিপোর্টারের নাম 
























