বিশ্বজুড়ে অতি ধনীদের সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে। আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্বে বিলিয়নিয়ার বা শতকোটিপতিদের সংখ্যা প্রায় ৪ হাজারে পৌঁছাতে পারে বলে এক গবেষণায় উঠে এসেছে। আন্তর্জাতিক রিয়েল এস্টেট পরামর্শক প্রতিষ্ঠান নাইট ফ্রাংকের সাম্প্রতিক বিশ্লেষণে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বিশ্বে ৩ হাজার ১১০ জন বিলিয়নিয়ার রয়েছেন। ২০৩১ সাল নাগাদ এই সংখ্যা ২৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩ হাজার ৯১৫ জনে দাঁড়াবে। শুধু বিলিয়নিয়ারই নয়, যাদের সম্পদের পরিমাণ অন্তত ৩০ মিলিয়ন ডলার, সেই মাল্টিমিলিয়নিয়ারদের সংখ্যাও কয়েক বছরে অভাবনীয় হারে বেড়েছে। ২০২১ সালের তুলনায় এই সংখ্যা বর্তমানে ৩০০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তি খাতের বিপ্লব এবং বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রসার এই বিপুল সম্পদ অর্জনের পেছনে প্রধান ভূমিকা পালন করছে। প্রযুক্তিগত উৎকর্ষের কারণে এখন আগের চেয়ে অনেক দ্রুত ব্যবসা সম্প্রসারণ এবং মুনাফা অর্জন সম্ভব হচ্ছে। গবেষণায় দেখা গেছে, সৌদি আরব, পোল্যান্ড ও সুইডেনের মতো দেশগুলোতে বিলিয়নিয়ারের সংখ্যা সবচেয়ে দ্রুতগতিতে বাড়বে।
তবে ধনীদের এই জয়জয়কারের মধ্যেও প্রকট হয়ে উঠছে বিশ্বব্যাপী অর্থনৈতিক বৈষম্য। দাতব্য সংস্থা অক্সফামের তথ্য অনুযায়ী, বর্তমানে বিলিয়নিয়ারদের সম্মিলিত সম্পদের পরিমাণ ১৮ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার। ফোর্বসের তালিকা অনুযায়ী ইলন মাস্ক বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী হিসেবে অবস্থান করছেন, যার পেছনেই রয়েছেন ল্যারি পেজ ও জেফ বেজোসের মতো উদ্যোক্তারা।
রিপোর্টারের নাম 























