নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা ফেরাতে ও মজুদ রোধে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। এখন থেকে নির্দিষ্ট ‘ফুয়েল কার্ড’ ছাড়া কোনো যানবাহনে তেল মিলবে না। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমান কয়েকজনের হাতে কার্ড তুলে দিয়ে এই কার্যক্রমের সূচনা করেন। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, আবেদনপত্র যাচাই-বাছাই শেষে প্রথম দিন ২৮০ জনকে এই কার্ড দেওয়া হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, আবেদনকারীদের পেশা ও চাহিদার ভিত্তিতে প্রতিটি কার্ডে তেলের পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও পল্লী উন্নয়ন অফিস থেকে এই কার্ড সংগ্রহ করা যাচ্ছে। ইউএনও আরিফুর রহমান জানান, ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে এবং তেলের কৃত্রিম সংকট রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে তেল বিতরণ কার্যক্রম তদারকি করা হবে।
রিপোর্টারের নাম 

























