আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালীর নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার রাতে নগর জামায়াতের এক গুরুত্বপূর্ণ শূরা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, নগর শাখার সদস্যদের মতামতের ভিত্তিতে এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে শামসুজ্জামান হেলালীকে মনোনীত করা হয়েছে। তিনি এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসন থেকে প্রার্থী হয়েছিলেন। পেশাগত জীবনে এক সময় শিক্ষকতায় যুক্ত থাকলেও বর্তমানে তিনি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত।
এর আগে মেয়র প্রার্থী হিসেবে তরুণ নেতৃত্ব ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েমের নাম আলোচনায় এসেছিল। তবে দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত অভিজ্ঞ হেলালীকেই বেছে নিয়েছে দলটি। সোমবারের বৈঠকে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন, যেখানে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
রিপোর্টারের নাম 






















