বাংলাদেশের সংসদীয় ইতিহাসে প্রথমবারের মতো ওরাওঁ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কোনো নারী জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নাটোর-নওগাঁ অঞ্চল থেকে আন্না মিঞ্জকে মনোনয়ন দিয়েছে বিএনপি। আদিবাসী অধিকার রক্ষা এবং রাজনীতিতে প্রান্তিক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে এই সিদ্ধান্তকে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে অভিহিত করা হচ্ছে।
আন্না মিঞ্জ বর্তমানে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাক ইন্টারন্যাশনালের সিনিয়র ডিরেক্টর হিসেবে কর্মরত। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে শিক্ষা, জলবায়ু পরিবর্তন এবং নারী ক্ষমতায়ন নিয়ে কাজ করছেন। তিনি ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রিধারী এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশে আদিবাসী মানুষের অধিকার আদায়ে সোচ্চার রয়েছেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আন্না মিঞ্জের তৃণমূলের সঙ্গে সংযোগ এবং আন্তর্জাতিক পর্যায়ের সাংগঠনিক দক্ষতাকে মূল্যায়ন করেই তাকে সংসদ সদস্য হিসেবে বেছে নেওয়া হয়েছে। তার এই মনোনয়ন দেশের গণতান্ত্রিক কাঠামোকে আরও অন্তর্ভুক্তিমূলক করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আন্না মিঞ্জ বর্তমানে ন্যাশনাল কোয়ালিশন অফ ইনডিজেনাস পিপলস ইন বাংলাদেশের চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করছেন।
রিপোর্টারের নাম 




















