জুলাই সনদের প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিকেলে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, সংসদের দক্ষিণ প্লাজায় যে অঙ্গীকারনামায় বিএনপি স্বাক্ষর করেছে, তার প্রতিটি শব্দ ও অক্ষর জনগণের কল্যাণে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী গত এক দশকেরও বেশি সময় ধরে দেশের মানুষের বাকস্বাধীনতা ও ভোটাধিকার হরণের কথা স্মরণ করেন। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছে এবং মানুষ তাদের হারানো অধিকার ফিরে পেয়েছে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ ব্যালটের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার যে দায়িত্ব দিয়েছে, তার মর্যাদা রক্ষা করা হবে।
প্রধানমন্ত্রী তার সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই ফ্যামিলি কার্ড কর্মসূচি এবং কৃষকদের জন্য বিশেষ কার্ড বিতরণ শুরু করা হয়েছে। এছাড়া নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে, যার সুফল ইতিমধ্যে ১২ লাখ কৃষক ভোগ করছেন। ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের জন্য সম্মানি ভাতার ব্যবস্থা করার প্রতিশ্রুতিও সরকার বাস্তবায়ন করেছে বলে তিনি উল্লেখ করেন।
দেশের কৃষি ও পরিবেশের উন্নয়নে পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের মহাপরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই উদ্যোগের ফলে বন্যা ও খরা মোকাবিলা সহজ হবে। তিনি আরও বলেন, ফ্যাসিবাদী আমলে উন্নয়নের নামে যে লুটপাট ও অর্থ পাচার হয়েছে, সেই ক্ষত কাটিয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সরকার নিরলস কাজ করছে। জনসভায় তিনি সাধারণ মানুষের কর্মসংস্থান ও স্বল্প খরচে জনশক্তি রপ্তানির বিষয়েও সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান।
রিপোর্টারের নাম 




















