কুমিল্লার সদর উপজেলায় এক হৃদয়স্পর্শী ঘটনায়, দ্বিতীয় বিয়েতে যাওয়ার পথে বর তার প্রথম স্ত্রীর কবর জিয়ারত করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে অঝোরে কাঁদলেন। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
স্থানীয় সূত্রে জানা যায়, রিয়াদ নামের ওই ব্যক্তি শনিবার বর সেজে দ্বিতীয় বিয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন। পথে একটি কবরস্থানের সামনে এসে তিনি গাড়ি থামান এবং তার একমাত্র কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে প্রথম স্ত্রীর কবর জিয়ারত করেন। রিয়াদের প্রথম স্ত্রী ২০২৩ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। দীর্ঘদিন একা থাকার পর পারিবারিক সিদ্ধান্তে তিনি দ্বিতীয় বিয়েতে সম্মতি দেন।
কবরের পাশে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকার পর রিয়াদ কান্নায় ভেঙে পড়েন। এমনকি গাড়িতে ফিরে যাওয়ার পরও তাকে কাঁদতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই এটিকে ভালোবাসা, স্মৃতি এবং বাস্তবতার এক মর্মস্পর্শী প্রকাশ হিসেবে দেখছেন।
স্থানীয় বাসিন্দা মন্টি বলেন, নতুন জীবনে পা রাখার আগে পুরোনো স্মৃতির প্রতি এমন সম্মান দেখানোর দৃশ্যটি খুবই আবেগঘন ছিল। আরেক স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, রিয়াদের বিয়েতে যাওয়ার পথে তার চোখে আনন্দ ছিল না, ছিল শুধু অঝোর কান্না। স্ত্রীর প্রতি এমন সম্মান ও অনুভূতি সবার পক্ষে দেখানো সম্ভব নয়, যা রিয়াদের ভালোবাসার গভীরতা প্রমাণ করে।
রিয়াদ জানান, ২০১৭ সালের ১৮ জুলাই ছিল তাদের বিয়ের দিন, যা ছিল এক পবিত্র সম্পর্কের সূচনা। প্রায় ছয় বছরের সংসারে স্ত্রীই ছিলেন তার জীবনের সবচেয়ে বড় আশ্রয় ও শান্তি। ২০২৩ সালে স্ত্রী মারা যাওয়ার পর তিনি সবার কাছে তার স্ত্রীর জন্য দোয়া কামনা করেন।
রিপোর্টারের নাম 



















