মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নে বিএনপি নেতা মুকুল হোসেনকে (৫৫) গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সোমবার ভোরে সাহারবাটি গ্রামের বাঙ্গালপাড়া এলাকার কাশেমের মোড়ে এই হামলা চালানো হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ডায়াবেটিসের রোগী মুকুল হোসেন প্রতিদিনের মতো ভোরে হাঁটতে বের হলে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়লে গুলির শব্দ শুনে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এই হামলার সঙ্গে কারা জড়িত, তা এখনো স্পষ্ট নয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান অপুসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রিপোর্টারের নাম 
























