গাজীপুরের টঙ্গীতে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার পুকুরে ডুবে আমির উদ্দিন গাজী (১৪) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার বিকেলে আসরের নামাজের পর গোসল করতে নেমে সে পানিতে তলিয়ে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।
নিহত আমির উদ্দিন গাজী টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল। সে এরশাদনগর ১ নম্বর ব্লক এলাকার মৃত আবুল খায়েরের ছেলে।
মাদরাসার শিক্ষার্থীরা জানায়, রোববার বিকেলে আসরের নামাজ শেষ হওয়ার পর আমির উদ্দিন মাদরাসার পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে তলিয়ে গেলে তার সহপাঠীরা চিৎকার শুরু করে। খবর পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহীন আলম জানান, খবর পাওয়ার পর দ্রুত তাদের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টা তল্লাশি চালিয়ে পুকুরের গভীর অংশ থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত ছাত্রের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 

























