জাতীয় সংসদ অধিবেশনে ট্রেজারি বেঞ্চের কয়েকজন সদস্যের আচরণের তীব্র সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, সংসদ সদস্যদের বক্তব্যের সময় সরকারি দলের কিছু সদস্যের অশালীন অঙ্গভঙ্গি অত্যন্ত দুঃখজনক, যা সংসদীয় শিষ্টাচারের পরিপন্থী।
ডা. শফিকুর রহমান বলেন, প্রবীণ ও অভিজ্ঞ সদস্যদের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়। সংসদে একটি সুস্থ ও সুন্দর গণতান্ত্রিক সংস্কৃতি চর্চা হওয়া প্রয়োজন। তিনি বক্তৃতার ক্ষেত্রে পর্যায়ক্রম বা সিরিয়ালিটি বজায় রাখার জন্য স্পিকারের প্রতি আহ্বান জানান। একই সাথে চিফ হুইপ নূরুল ইসলামও স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে নিয়ম মেনে আলোচনার সুযোগ দেওয়ার দাবি জানান।
জবাবে স্পিকার সকলকে সংসদীয় শিষ্টাচার বজায় রাখার এবং কার্যপ্রণালী বিধি অনুযায়ী আলোচনার পরিবেশ নিশ্চিত করার অনুরোধ জানান। চিফ হুইপ পরামর্শ দেন যে, যারা নোটিশ আগে দেবেন, তাদের যেন পর্যায়ক্রম অনুযায়ী আগে কথা বলার সুযোগ দেওয়া হয়। এতে নতুন সদস্যরা সংসদীয় কার্যক্রমে আরও উৎসাহিত হবেন বলে তিনি মনে করেন।
রিপোর্টারের নাম 






















