ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নে এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার গভীর রাতে শিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শরীফ সর্দার বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নাসিমা বেগম (৪০) ওই এলাকার প্রবাসী আল আমিনের স্ত্রী। এ সময় দুর্বৃত্তদের হামলায় তার আট বছর বয়সী ছেলে আবিরও গুরুতর জখম হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মা ও ছেলে একসঙ্গে ঘুমিয়ে ছিলেন। মধ্যরাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে মোবাইলের আলো জ্বালিয়ে নাসিমাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এ সময় শিশু আবির জেগে উঠলে তাকেও ছুরিকাঘাত করা হয়। জীবন বাঁচাতে শিশুটি নিথর হয়ে পড়ে থাকে এবং মৃত্যুর ভান করে। দুর্বৃত্তরা নাসিমার মৃত্যু নিশ্চিত করে চলে যাওয়ার পর ভোরে শিশুটি ঘর থেকে বেরিয়ে প্রতিবেশীদের খবর দেয়।
আহত শিশু আবিরের ভাষ্য অনুযায়ী, সে হামলাকারীদের মধ্যে স্থানীয় সাবেক এক মেম্বারের ছেলেকে চিনতে পেরেছে। পুলিশ এই তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 























