শোবিজ অঙ্গনের তারকাদের মধ্যে এবার সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তিনি নিজেই গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। কুষ্টিয়া-৪ আসন থেকে তিনি সংরক্ষিত নারী আসনে এই ফরম সংগ্রহ করে জমাও দিয়েছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) বিএনপি সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করে। এদিন বিকেলে চমক সাক্ষাৎকার পর্বে অংশ নেন। সাক্ষাৎকার শেষে তিনি গণমাধ্যমকে জানান, তিনি দেশের জন্য, বিশেষ করে নারীদের জন্য কাজ করতে চান এবং এজন্য বিএনপির মতো একটি প্ল্যাটফর্মকে তিনি উপযুক্ত মনে করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ইতিবাচক হয়েছে এবং তিনি মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদী।
সাক্ষাৎকার বোর্ডের সদস্যরা তাকে বিএনপিকে ‘সার্ভ’ করতে চান কিনা জানতে চাইলে তিনি বলেন, তিনি বিএনপিকে সার্ভ করতে চান, তবে তার প্রথম লক্ষ্য দেশকে সেবা করা। বিএনপি যদি তাকে সেই সুযোগ দেয়, তবে তিনি কৃতজ্ঞ থাকবেন।
এর আগে, শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও একটি রহস্যময় পোস্ট দিয়েছিলেন চমক, যেখানে তিনি নতুন যাত্রা শুরুর কথা জানিয়ে বিস্তারিত পরে জানাবেন বলে উল্লেখ করেন।
উল্লেখ্য, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজে অভিষেক হয় চমকের। এরপর তিনি ছোটপর্দার পাশাপাশি একাধিক জনপ্রিয় ওয়েব সিরিজেও কাজ করেছেন।
রিপোর্টারের নাম 























