পাবনার সাঁথিয়ায় মাছ ধরতে গিয়ে বিষধর সাপের কামড়ে রুহান মোল্লা (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের চরকাবারি কোলা গ্রামের হেলাল মোল্লার ছেলে রুহান। পরিবারের অভিযোগ, সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি চিকিৎসার প্রয়োজন থাকা সত্ত্বেও কর্তব্যরত চিকিৎসক তাকে সময়মতো অ্যান্টিভেনম (সাপের প্রতিষেধক) প্রয়োগ না করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
বৃহস্পতিবার রাতে রুহান মাছ শিকারে গেলে পোটল ক্ষেত থেকে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। বাড়িতে এসে তিনি পরিবারের সদস্যদের জানালে প্রথমে তাকে স্থানীয় ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে কবিরাজি চিকিৎসা চলাকালীন রুহান আরও অসুস্থ হয়ে পড়লে শুক্রবার রাতে তাকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাওসার তার অবস্থা পর্যবেক্ষণ করে দ্রুত পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। পাবনার পথে মাধপুরে সাপের বিষের যন্ত্রণায় রুহান মারা যান।
পরিবারের অভিযোগ, সাঁথিয়া হাসপাতালে সাপের অ্যান্টিভেনম থাকা সত্ত্বেও রুহানের শরীরে তা প্রয়োগ করা হয়নি। তার বাবা হেলাল মোল্লা জানান, সাপের কামড়ের কথা বলার পরও চিকিৎসক প্রতিষেধক প্রয়োগ না করায় তার ছেলের মৃত্যু হয়েছে। সময়মতো চিকিৎসা পেলে হয়তো এমনটা হতো না।
এ বিষয়ে সাঁথিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল বাতেন জানান, রাতে দায়িত্বরত চিকিৎসক রুহানের শরীরে সাপের কামড়ের তেমন কোনো লক্ষণ খুঁজে পাননি এবং ধারণা করেছিলেন রোগী ইয়াবা সেবন করেছিল। তিনি আরও দাবি করেন, সাঁথিয়া হাসপাতালে সাপের অ্যান্টিভেনম মজুদ রয়েছে।
রিপোর্টারের নাম 



















