ঝালকাঠির রাজাপুরে একটি ভাড়া বাসা থেকে আফছানা আক্তার মিম (১৮) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১০টার দিকে উপজেলার বাগড়ি সিকদার বাড়ি এলাকার বাবুল হাওলাদারের ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মিম কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের সৌদি প্রবাসী মো. আলমগীর হোসেনের মেয়ে।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, মিম তার মা মরিয়ম বেগমের সঙ্গে রাজাপুরের বাগড়ি এলাকার ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার রাতে খাবার খেয়ে তারা আলাদা কক্ষে ঘুমাতে যান। শনিবার সকালে মা মরিয়ম বেগম মেয়ের কক্ষের দরজা ভেতর থেকে আটকানো দেখতে পান। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে জানালা দিয়ে তিনি দেখতে পান, তার মেয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। মায়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে লাশ উদ্ধার করে। এ সময় তার কক্ষ থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আট মাস আগে মিমের প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটে। এরপর সৌদি প্রবাসী শাওন নামের এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার অভিমানেই তিনি চিরকুট লিখে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
রাজাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।
রিপোর্টারের নাম 






















