ফরিদপুরের সালথায় পূর্ব শত্রুতার জেরে দাওয়াত খেয়ে ফেরার পথে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া বাজার ও এর আশপাশের এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২০ থেকে ২৫টি বসতঘর ভাঙচুর করা হয়েছে এবং একটি বাড়িতে আগুনও দেওয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গট্টি ইউনিয়নের আধিপত্য বিস্তার নিয়ে জাহিদ মাতুব্বর ও নুরু মাতুব্বরের সমর্থক গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে দাওয়াত খেয়ে ফেরার পথে জাহিদ মাতুব্বরের সমর্থক আরিফ মাতুব্বরকে নুরু মাতুব্বরের সমর্থকরা মারধর করে। এই ঘটনার জের ধরে সন্ধ্যায় উভয়পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় টর্চলাইট জ্বালিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষের সময় জাহিদ মাতুব্বরের সমর্থক আবুল শেখের তিনটি গরু লুট করে নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে এবং সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
রিপোর্টারের নাম 






















