গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন প্রাণ হারিয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার শান্তিপুর এলাকায় ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মাদারীপুরের রাজৈর উপজেলার কেষ্টপুর গ্রামের তামিম মাতুব্বর (২৫) এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলার খবির উদ্দিন (৮০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা টেকেরহাটগামী একটি যাত্রীবাহী বাস শান্তিপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহী তামিম মাতুব্বরকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত অটোরিকশা যাত্রী খবির উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রাজৈর ও মুকসুদপুর থানা পুলিশ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ ঘাতক বাসটিকে শনাক্ত করার চেষ্টা করছে এবং এই ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 
























