মেহেরপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে জনবল সংকট ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে স্বাস্থ্যসেবা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘ ১৫ বছর ধরে কেন্দ্রটির অপারেশন থিয়েটার অকেজো হয়ে পড়ে থাকায় বন্ধ রয়েছে সিজারিয়ানসহ সব ধরনের অস্ত্রোপচার। এর ফলে স্থানীয় প্রসূতি মায়েরা উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন এবং চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
প্রতিষ্ঠানটিতে আটজন কর্মকর্তা-কর্মচারীর পদ থাকলেও বর্তমানে গুরুত্বপূর্ণ তিনটি পদই শূন্য। এমনকি কোনো মেডিকেল অফিসার না থাকায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন দায়িত্বরত কর্মীরা। এছাড়া এখানে এক্স-রে, আল্ট্রাসনোগ্রাফি কিংবা রক্ত পরীক্ষার মতো মৌলিক কোনো রোগ নির্ণয় ব্যবস্থা নেই। প্রয়োজনীয় ওষুধের সংকটের কারণে রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে, যা সাধারণ মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি করছে।
কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. রুমানা হেলালী জানান, সীমাবদ্ধতার মাঝেও তারা ২৪ ঘণ্টা সেবা দেওয়ার চেষ্টা করছেন। তবে অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ না থাকায় এবং অপারেশন থিয়েটার সচল না হওয়ায় জরুরি রোগীদের অন্যত্র রেফার করতে হচ্ছে। পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে এই কেন্দ্রটি মা ও শিশুদের জন্য একটি আদর্শ চিকিৎসাকেন্দ্র হয়ে উঠতে পারত বলে মনে করেন সংশ্লিষ্টরা।
রিপোর্টারের নাম 

























