খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে গৃহীত গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের নতুন প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডা. আবু জাফর মো. ছালেহ। রোববার (১৪ জুন) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর তিনি চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করেন।
বাংলাদেশ ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সক্রিয় সদস্য ডা. আবু জাফর মো. ছালেহ এই দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি জানান, প্রায় ১ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি তিনটি প্রধান অংশে বাস্তবায়িত হবে। এর মধ্যে রয়েছে ভূমি অধিগ্রহণ, অবকাঠামো ও ভবন নির্মাণ এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রী ক্রয়। তিনি বলেন, বর্তমানে প্রকল্প সম্পর্কে তার ধারণা প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং তিনি প্রকল্পের সকল কাগজপত্র ও নথি পর্যালোচনা করে বিস্তারিত তথ্য জানাতে পারবেন।
এর আগে গত ৯ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এক প্রজ্ঞাপনে খুলনা মেডিকেল কলেজের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের সহকারী অধ্যাপক ডা. আবু জাফর মো. ছালেহকে এই অতিরিক্ত দায়িত্ব প্রদান করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন এবং মৌলিক অবকাঠামো নির্মাণ কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চিকিৎসা শিক্ষা, গবেষণা এবং বিশেষায়িত স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। নবনিযুক্ত প্রকল্প পরিচালকের নেতৃত্বে প্রকল্পের ভূমি অধিগ্রহণ ও অবকাঠামোগত কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে যাবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।
রিপোর্টারের নাম 























