পাবনার চাটমোহর উপজেলার শিক্ষা বিস্তারের এক অনন্য বাতিঘর হিসেবে পরিচিত ‘শ্রীশচন্দ্র অ্যান্ড রঘুনাথ প্রাইমারি স্কুল’। ১৯২২ সালে ব্রিটিশ শাসনামলে যখন এই জনপদে শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত, তখন স্থানীয় অভিজাত ‘বড়বাড়ি’র উদ্যোগে ১৫ শতাংশ জমির ওপর টিনের ঘরে এই বিদ্যাপীঠের যাত্রা শুরু হয়। বর্তমানে এটি স্থানীয়ভাবে ‘দীনেশ বাবুর পাঠশালা’ নামেই বেশি পরিচিত।
প্রতিষ্ঠালগ্ন থেকেই স্কুলটি এই অঞ্চলের শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। শুরুতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হলেও পরবর্তীতে এটি অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত হয়। সুরেন্দ্রনাথ কুণ্ডু ছিলেন এই স্কুলের প্রথম প্রধান শিক্ষক। ১৯৪৭ সালের দেশভাগের পর কলকাতা থেকে মেট্রিকুলেশন পাস করা দীনেশ দত্ত এই স্কুলে শিক্ষক হিসেবে যোগ দেন, যিনি পরবর্তীতে স্কুলের অস্তিত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় স্কুলটি ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শহীদ হন রঘুনাথ কুণ্ডু এবং প্রধান শিক্ষক সুরেন্দ্রনাথ দেশত্যাগ করেন। যুদ্ধের পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া স্কুলটি নিজের বাড়ির টিন ও স্থানীয়দের সহযোগিতায় পুনরায় সচল করেন দীনেশ দত্ত। তৎকালীন সময়ে শিক্ষার্থীরা মেঝেতে পাটি বা চট বিছিয়ে পড়াশোনা করত। শত বছরের পুরনো এই বিদ্যাপীঠ থেকে শিক্ষা গ্রহণ করে অনেক কৃতি সন্তান দেশ-বিদেশে প্রতিষ্ঠিত হয়েছেন।
রিপোর্টারের নাম 
























