যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় দুই পক্ষকে গঠনমূলক আলোচনায় বসার আহ্বান জানিয়েছে তুরস্ক। আঙ্কারা জানিয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে তারা উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতা ও আলোচনা অব্যাহত রাখতে পূর্ণ সমর্থন দিয়ে যাবে।
ন্যাটো সদস্য এবং ইরানের প্রতিবেশী দেশ হিসেবে তুরস্ক এই সংকটে সক্রিয় ভূমিকা পালন করছে। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্র, ইরান এবং মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছে। চলমান যুদ্ধবিরতিকে একটি স্থায়ী শান্তিতে রূপান্তর করতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে দেশটি।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে তুরস্কের আনতালিয়া প্রদেশে একটি বিশেষ কূটনৈতিক ফোরামের আয়োজন করা হয়েছে। সেখানে তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণের কথা রয়েছে। এই আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে নতুন কোনো পথ উন্মোচিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 























