আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের ইরানের পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের অনুমতি দেওয়ার খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত ফোরদো, নাতাঞ্জ এবং ইসফাহানের মতো পারমাণবিক কেন্দ্রগুলোতে আইএইএ’র পরিদর্শকদের কোনো প্রবেশাধিকার নেই।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি’র সূত্রে জানা গেছে, পার্লামেন্ট স্পিকার গালিবাফ আরও জানান, বর্তমানে আইএইএ’র পরিদর্শকরা কেবল দুটি নির্দিষ্ট স্থানে প্রবেশাধিকার রাখেন – বুশেহর বিদ্যুৎ কেন্দ্র এবং তেহরান রিঅ্যাক্টর। এর বাইরে অন্য কোনো পারমাণবিক কেন্দ্রে তাদের পরিদর্শনের সুযোগ দেওয়া হবে না। তিনি আরও উল্লেখ করেন যে, ইরানের পার্লামেন্ট ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত পারমাণবিক কেন্দ্রগুলোতে আইএইএ’র প্রবেশাধিকার নিষিদ্ধ করে একটি আইন পাস করেছে। দেশের শীর্ষ জাতীয় নিরাপত্তা পরিষদও এই সিদ্ধান্তের স্বপক্ষে একটি প্রস্তাব গ্রহণ করেছে, যার ফলে আইনিভাবে তাদের প্রবেশাধিকার বন্ধ রয়েছে।
গালিবাফের এই কঠোর মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি সম্প্রতি দাবি করেছিলেন যে, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক (এমওইউ) চুক্তির আওতায় জাতিসংঘের পরিদর্শকদের ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো পরিদর্শন ও প্রবেশাধিকার পেতেই হবে। গ্রোসি আশা প্রকাশ করেছিলেন যে, তারা শিগগিরই সেখানে পৌঁছাতে পারবেন। তবে গালিবাফের এই আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার পর পারমাণবিক কেন্দ্র পরিদর্শন নিয়ে দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা ও জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
রিপোর্টারের নাম 























