মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব উত্থাপন করেছেন হাউজ ডেমোক্র্যাটরা। গত বুধবার দেশটির প্রতিনিধি পরিষদে এই প্রস্তাব জমা দেওয়া হয়। হেগসেথের বিরুদ্ধে মূলত ছয়টি গুরুতর অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানে হামলা পরিচালনা এবং মাদক চোরাচালান দমনের নামে বেসামরিক নৌকায় প্রাণঘাতী হামলার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
অ্যারিজোনার ডেমোক্র্যাট আইনপ্রণেতা ইয়াসামিন আনসারি এবং জন লারসনসহ বেশ কয়েকজন প্রতিনিধি এই অভিশংসন প্রক্রিয়ার নেতৃত্ব দিচ্ছেন। তাদের দাবি, প্রতিরক্ষামন্ত্রী সশস্ত্র সংঘাতের সময় বেসামরিক জানমালের নিরাপত্তা বিধানে ব্যর্থ হয়ে যুদ্ধাপরাধ করেছেন। বিশেষ করে গত মার্চে ইরানে একটি স্কুলে মার্কিন হামলায় ১৭৫ জন নিহত হওয়ার ঘটনায় তাকে সরাসরি দায়ী করা হচ্ছে, যাদের মধ্যে বড় একটি অংশ ছিল শিশু। এ ছাড়া গোপন তথ্য ফাঁসের মাধ্যমে জাতীয় নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে। যদিও পেন্টাগন এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে। বর্তমানে প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় এই প্রস্তাব পাসের সম্ভাবনা নিয়ে সংশয় রয়েছে।
রিপোর্টারের নাম 





















