ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার নতুন করে চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে। গত চার বছর ধরে চলা এই যুদ্ধে মস্কো প্রায় প্রতি রাতেই শত শত ড্রোন ব্যবহার করে হামলা চালাচ্ছে, যার বিপরীতে কিয়েভও রাশিয়ার অভ্যন্তরে পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে।
দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী ওদেসায় ভয়াবহ হামলায় সাত জন নিহত হয়েছেন। রাজধানী কিয়েভেও ব্যাপক বিস্ফোরণ ঘটেছে, যেখানে ১২ বছর বয়সী এক শিশুসহ চার জনের মৃত্যু হয়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানিয়েছেন, একটি ড্রোন সরাসরি ১৮ তলা আবাসিক ভবনে আঘাত হানলে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়া দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলেও আরও তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
অন্যদিকে, ইউক্রেনের পাল্টা হামলায় রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার ক্রাই এলাকায় দুই শিশুর মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন রুশ কর্মকর্তারা। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, তুয়াপসে এলাকায় আবাসিক ভবনে ড্রোন হামলায় পাঁচ ও ১৪ বছর বয়সী দুই কিশোর নিহত হয়েছে। হামলার পর কিয়েভসহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি করা হয়েছে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 





















