তুরস্কের দক্ষিণাঞ্চলীয় কাহরামানমারাস প্রদেশের একটি মাধ্যমিক বিদ্যালয়ে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে আটজন শিক্ষার্থী এবং একজন শিক্ষকসহ মোট ৯ জন নিহত হয়েছেন। এই হামলায় আরও অন্তত ১৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারী ওই বিদ্যালয়েরই অষ্টম শ্রেণির ১৪ বছর বয়সী এক ছাত্র। হামলার পর সে নিজেও নিহত হয়েছে। তদন্তে জানা গেছে, ওই ছাত্র তার স্কুল ব্যাগে করে পাঁচটি আগ্নেয়াস্ত্র এবং সাতটি ম্যাগাজিন নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে। ধারণা করা হচ্ছে, অস্ত্রগুলো তার বাবার ছিল, যিনি একজন সাবেক পুলিশ কর্মকর্তা।
প্রাদেশিক গভর্নরের তথ্যমতে, ঘাতক ছাত্রটি দুটি শ্রেণিকক্ষে ঢুকে নির্বিচারে গুলি চালায়। এর মাত্র এক দিন আগে দেশটির অন্য একটি উচ্চ বিদ্যালয়ে সাবেক এক ছাত্রের গুলিতে ১৬ জন আহত হওয়ার ঘটনা ঘটেছিল। একের পর এক এমন সহিংসতায় দেশজুড়ে শোক ও আতঙ্ক বিরাজ করছে।
রিপোর্টারের নাম 






















