জুলাই সনদ অবিকৃতভাবে বাস্তবায়নের দাবি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এই সনদ নিয়ে সরকারের টালবাহানা করার কোনো সুযোগ নেই। তিনি অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বুধবার সন্ধ্যায় রাজধানীর বারিধারায় ঢাকা মহানগরী উত্তরের এক অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, সরকার শুরুতে গণভোটের বিষয়টিকে পাশ কাটিয়ে যেতে চাইলেও এখন তার বৈধতা স্বীকার করে নিয়েছে। তাই আত্মঘাতী অবস্থান থেকে সরে এসে জনগণের আকাঙ্ক্ষা পূরণে সরকারকে সচেষ্ট হতে হবে। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের ধৈর্য ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং ঢাকাকে ইসলামী আন্দোলনের শক্তিশালী দুর্গে পরিণত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, জামায়াতের রাজনীতি কেবল ক্ষমতা দখলের জন্য নয়, বরং জনকল্যাণ ও মানুষের অধিকার নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। অধিবেশনে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার গুরুত্বারোপ করেন।
রিপোর্টারের নাম 

























